নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৌদি আরবের রিয়াদ শহরের সন্নিকটে মার্কিন ঘাটির নিকট ক্ষেপনাস্ত্র হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সৌদি প্রবাসী বাচ্চু মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের সংবাদে এলাকায় চলছে শোকের মাতম। নিহত বাচ্চু মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
জানা যায়, রোববার ইফতারের পূর্বে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের সন্নিকটে আল খারিজ শহরে মার্কিন সামরিক ঘাটির কাছে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পের উপর মিসাইল হামলা হলে তিনিসহ কয়েকজন নিহত হন। সৌদি আরবে বাচ্চু মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক ও জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নিহতের বাড়িতে ছুটে যান। এসময় পরিবারটিকে সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বাচ্চু মিয়া দেশে কাঠ মিস্ত্রির কাজ করতেন। সংসারের আর্থিক স্বচ্ছলনার জন্য আট বছর পূর্বে ধার দেনা করে সৌদি আরবে গিয়েছিলেন।
নিহতের স্ত্রী জোৎস্না আক্তার জানান, সামনের কোরবানির ঈদে তিনি দেশের আসবেন বলে জানিয়েছিলেন। সর্ব শেষ রোববার বিকেলে ঘটনার কয়েক মিনিট পূর্বে মোবাইল ফোনে আমার সাথে কথা বলেন। কথা বলার সময় তাকে খুবই উদ্বিগ্ন মনে হয়েছে। তাড়াতাড়ি করে ইফতার এবং ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করে ফোন রেখে দেন। তিনি আগে কখনো এভাবে কথা বলেননি। আজ কেন উদ্বিগ্ন মনে হলো জানার জন্য মুঠোফোনে তার সাথে আবারো কথা বলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সব শেষ। তার মুঠোফোন বন্ধ। অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি । এতে বাড়িতে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়তে থাকে। রাত সাড়ে নয়টার দিকে সৌদি আরব থেকে সহকর্মী বিল্লাল মিয়া তার আরেক সহকর্মী কিশোরগঞ্জের সুজন মিয়ার নিকট নিহত হওয়ার ঘটনা জানান। সুজনের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি। সরকারের কাছে দাবী দ্রুত স্বামীর লাশ যেন দেশে আনার ব্যবস্থা করে দেন।
তিনি আরো জানান, তাদের তিন সন্তান। দুই মেয়ে এক ছেলে। ছোট মেয়ে প্রতিবন্দ্বী। ধার দেনা করে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। এখনো সেই ঋণ পরিশোধ হয় নাই। এতিম সন্তানদের নিয়ে কিভাবে চলবে?
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ বলেন, ঘটনার পর তাৎক্ষনিক তার পরিবারকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। তার ঘর সংস্কারের জন্য দুই বান টিনও দেয়া হবে। লাশ দেশে আনার যাবতীয় প্রক্রিয়া সরকারি ভাবে নেয়া হচ্ছে। নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে।