ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ১১:২৫:২২
লেবাননে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে লেবাননে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি আবাসিক এলাকায় ইসরাইল “অবৈধভাবে” সাদা ফসফরাস ব্যবহার করেছে।

নিউইয়র্কভিত্তিক সংস্থাটি সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২৬ সালের ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরের আবাসিক এলাকায় ইসরাইলি বাহিনী কামান থেকে ছোড়া সাদা ফসফরাস গোলা ব্যবহার করেছে।

প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি সাতটি ছবি যাচাই ও জিওলোকেশন করেছে, যেখানে দেখা যায় আবাসিক এলাকায় আকাশে বিস্ফোরিত হয়ে সাদা ফসফরাস ছড়িয়ে পড়ছে। পাশাপাশি ওই এলাকায় অন্তত দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগার পর সিভিল ডিফেন্স কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতেও দেখা গেছে।

সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে আসলে জ্বলে ওঠে। এটি সাধারণত ধোঁয়ার পর্দা তৈরি বা যুদ্ধক্ষেত্র আলোকিত করার জন্য ব্যবহার করা হয়।

তবে এটি আগুন ধরিয়ে দেওয়ার অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে এবং এর ফলে ভয়াবহ দগ্ধ হওয়া, শ্বাসযন্ত্রের ক্ষতি, অঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।

২০২৪ সালের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহ থেকে লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক দফায় হামলা চালানোর পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় স্থলবাহিনীও মোতায়েন করেছে দেশটি। এর আগে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালায়।

ইসরাইলি সেনাবাহিনী লিতানি নদীর দক্ষিণে—যা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে—বসবাসকারী মানুষদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত হয়েছে এবং পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এইচআরডব্লিউর লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস বলেন, “আবাসিক এলাকায় ইসরাইলি বাহিনীর অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং এর ফলে বেসামরিক মানুষের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “ইসরাইলের উচিত অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করা। আর যেসব দেশ ইসরাইলকে অস্ত্র সরবরাহ করছে—যার মধ্যে সাদা ফসফরাস গোলাও রয়েছে—তাদের উচিত সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি স্থগিত করা এবং আবাসিক এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহার বন্ধে চাপ সৃষ্টি করা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ