ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে শুরু হলো তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ০০:৪৯:২১
মণিরামপুরে শুরু হলো তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা মণিরামপুরে শুরু হলো তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ
 
“এসেছে নতুন ভোর, নতুন দিনের আগমন—প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন”—এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুর-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা–২০২৬। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
 
র‍্যালি শেষে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন এবং সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমান।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন,
“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণ করতে হলে আমাদের সনাতন কৃষি ব্যবস্থা থেকে বেরিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাণিজ্যিক কৃষিতে প্রবেশ করতে হবে। এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ও উন্নত কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
 
তিনি আরও বলেন, “আমরা চাই মণিরামপুরের প্রতিটি কৃষক প্রযুক্তির ছোঁয়ায় তাদের উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিক।”
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই মেলায় আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতির বিভিন্ন স্টল প্রদর্শিত হচ্ছে, যা কৃষকদের জন্য বাস্তবমুখী দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ