ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষিপণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২১:২২:২৬
​শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষিপণ্যের দোকানে অনিয়ম,  ৬ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা ​শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষিপণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: 

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার তদারকিতে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯–এর যৌথ একটি টিম।

অভিযানে লেবু ব্যবসায়ীদের সিন্ডিকেট কার্যক্রম ও কৃষিপণ্যের কয়েকটি দোকানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এ সময় ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

রোববার (১ মার্চ) শ্রীমঙ্গলের বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। 

বাজার তদারকির সময় দেখা যায়, লেবুর পাইকারি মূল্য প্রতি হালি ১৬ টাকা হলেও কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে তা বাড়িয়ে খুচরা পর্যায়ে ৮০ টাকায় বিক্রি করছেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, রমজান মাসে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এ ধরনের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি সৃষ্টি করা হলে তা ভোক্তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এ সময় কয়েকটি কৃষিপণ্যের দোকান ও সারের দোকানেও অভিযান চালানো হয়। 

মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় মৌলভীবাজার জেলার প্রতিটি হাট-বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। 

অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ