ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ১৬:৩৩:০৬
ব্যাংক চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন পরিবেশমন্ত্রী ব্যাংক চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মন্ত্রী হওয়ায় সব লাভজনক প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ানোর বাধ্যবাধকতা থাকায় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন। ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, শনিবার পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চেয়ারম্যান পদে পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়েছে।

বিদায়ী চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু গত ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠন করলে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে ২০০৯ সালে প্রভাষক হিসেবে একই শিক্ষায়তনে যোগ দেন মেলিতা মেহজাবিন।

শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে আলাদাভাবে স্নাতকোত্তর করেছেন তিনি। কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি করেছেন।

সিকদার পরিবারের সদস্যদের বিবাদের জেরে ২০২৩ সালের ডিসেম্বরে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ ফারহাত আনোয়ারকে। তার সময়ে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ও ইউসিবির সঙ্গে এনবিএলকে একীভূত করার আলোচনা শুরু হয়।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই আলোচনা আর এগোয়নি। এর মধ্যে ঋণ জালিয়াতি ও অনিয়মে ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটে পড়ে।

২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ব্যাংক যখন ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়, তখন এর পর্ষদের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের হাতে।

পরে এ ব্যাংকের পুরোনো উদ্যোক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ২১ বছর পর ২০২৪ সালের আগস্টে চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠা পাওয়া ন্যাশনাল ব্যাংকের শুরু থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২০ বছর ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ছিলেন মিন্টু। ১৯৯৫ সাল থেকে ১৯৯৮ সালের ডিসেম্বর পর্যন্ত ছিলেন চেয়ারম্যান।

পরে উত্তরাধিকারী হিসেবে তার ছেলে ব্যবসায়ী তাবিথ আউয়াল ন্যাশনাল ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন ২০০৭ সাল পর্যন্ত।

 

 


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ