ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এমন কোনো অপরাধ করিনি যে এভাবে শোকজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৪:০৪:০২
আমি এমন কোনো অপরাধ করিনি যে এভাবে শোকজ করতে হবে আমি এমন কোনো অপরাধ করিনি যে এভাবে শোকজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদল-এর আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়। পরে দিবাগত রাত প্রায় ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় শোকজের জবাব দেন তিনি।

শোকজ নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

ভিডিও বার্তায় শেখ তানভীর বারী হামিম বলেন, তিনি এখনও পর্যন্ত জানেন না কেন তাকে শোকজ করা হয়েছে। শোকজপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে দেশজুড়ে বিভিন্ন শিক্ষার্থী ও নেতাকর্মীরা তাকে ফোন করে কারণ জানতে চাচ্ছেন বলে জানান তিনি।

 

হামিম দাবি করেন, শোকজ পাওয়ার পরপরই তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে ফোন করে কারণ জানতে চান। তার ভাষ্য অনুযায়ী, দপ্তর সম্পাদক তাকে জানান যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নোটিশটি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন।

 

পরে তিনি জানতে পারেন, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার কারণেই তাকে শোকজ করা হয়েছে। ভিডিও বার্তায় হামিম বলেন, ব্যক্তিগত উদ্যোগে তিনি ওই আয়োজন করেন। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে দাবি করেন তিনি।

 

তিনি বলেন, ছাত্রদল তার প্রাণের সংগঠন এবং অতীতে ডাকসু নির্বাচনে তাকে জিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের ভোটে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রমজান উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ইফতারের আয়োজন করেছিলেন।

 

শেখ তানভীর বারী হামিম আরও বলেন, তারা আমাকে লিখিত জবাব দিতে বলেছে। আমি চাইলে দিতে পারতাম। কিন্তু আমি লিখিত জবাব দেব না। আমাকে ব্যক্তিগতভাবে কোনো শোকজপত্র দেওয়া হয়নি। নিশ্চয়ই আমি এমন কোনো বড় অপরাধ করিনি যে আমাকে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজ করতে হবে।

 

তবে তিনি এও বলেন, তার এই উদ্যোগে যদি সংগঠনের কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি মনে করেন আমি অন্যায় করেছি, তাহলে সেই অন্যায় মাথা পেতে নিচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি।










 


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ