ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ২০:৩২:১৯
সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন

 

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে বৃহস্পতিবার সাউথ জোনের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নর্থ জোন। মাত্র ১৪৬ রানের লক্ষ্য ২৬ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলেন লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়রা। 

 

দুই ম্যাচে দুই জয় নিয়ে ফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে গেল নর্থ জোনের। শেষ ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় এড়াতে পারলেই ৩ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে শান্ত, নাহিদ, লিটনদের।

 

ম্যাচে টস জিতে সাউথ জোনকে ব্যাটিংয়ে পাঠায় নর্থ জোন। নাহিদ ও শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ৪ ওভারের মধ্যে প্রথম চার ব্যাটারকে হারায় সাউথ জোন। আনিসুল ইসলাম ইমন, সৌম্য সরকার, জাওয়াদ আবরার ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।

 

পরে অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। নতুন স্পেলে ফিরে তাদের ৫০ রানের জুটি ভাঙেন নাহিদ। ২৪ রান করে আউট হন সোহান। এরপর রবিউল হকের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন মিঠুন। রবিউলের ব্যাট থেকে আসে ২ চার, ২ ছক্কায় ২২ বলে ২৯ রান।

 

 

শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মিঠুন। ৬ চার ও ১ ছক্কায় ৭৯ বলে তিনি করেন ৫৫ রান। তার লড়াইয়ে কোনোমতে দেড়শর কাছে যায় সাউথ জোন। কিন্তু সেটি একদমই যথেষ্ট ছিল না।

 

বল হাতে ৩টি করে উইকেট নেন নাহিদ ও এসএম মেহেরব হাসান। এছাড়া শরিফুল ও মুকিদুল ইসলাম মুগ্ধর শিকার ২টি করে উইকেট।

 

রান তাড়ায় শুরুতেই মোস্তাফিজুর রহমানের পরীক্ষায় পড়েন নর্থ জোনের ব্যাটাররা। প্রথম ওভারে ১৭ রান দিলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ পেসার। পরের দুই ওভারে হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম ও শান্তকে ফেরান মোস্তাফিজ।

 

৩৭ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন লিটন ও হৃদয়। দুজন মিলে গড়ে তোলেন ৮০ রানের জুটি। দলের জয় প্রায় নিশ্চিত করে ৪৬ বলে ৩৩ রান করে আউট হন হৃদয়। ৩ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।  

 

দলকে জিতিয়ে ৬৫ বলে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন। ছয় নম্বরে নেমে ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ১৯ রান করেন আকবর আলি। ৫ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ