প্রতি দলিল ৫০০ টাকা করে চাঁদা দাবি বিএনপি নেতার
প্রতি দলিল ৫০০ টাকা করে চাঁদা দাবি বিএনপি নেতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাতে দলিল প্রতি ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মিয়ার বিরুদ্ধে। এতে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দলিল নিবন্ধনের ক্ষেত্রে প্রতি দলিলে ৫০০ টাকা করে দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের দাবি, প্রথমে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হলেও পরে অভিযুক্ত নেতারা সরাসরি অফিসে গিয়ে চাঁদা দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে চাপ সৃষ্টি করেন।
ব্রাহ্মণপাড়া দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আমার দেশকে বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমাদের দলিল লেখক সমিতির ক্যাশিয়ারের নিকট প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাঁদা দাবি করে । এ বিষয়ে আমরা বৃহস্পতিবার সকালে দলিল লেখক সমিতির সকল সদস্যরা বসে সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী সময়ে আসলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, আমাদের বলা হয়েছে, প্রতি দলিল থেকে ৫০০ টাকা করে দিতে হবে। আমরা বিষয়টি তেমন গুরুত্ব দেইনি। পরে আমির হোসেন ও নজরুল ইসলাম আবার অফিসে জিগ্যেস করছে তাদের বিষয়টি আমরা কি করলাম। তখন আমরা কিছু না বলার পরেও আমাদেরকে শাসিয়ে গেছে। এতে করে অফিসে কর্মরতদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানান তিনি।
একাধিক দলিল লেখকদের সাথে কথা বলে জানা যায় প্রতিদিন গড়ে উল্লেখযোগ্য সংখ্যক দলিল নিবন্ধিত হয় এই অফিসে। সেই হিসাবে প্রতি দলিলে ৫০০ টাকা করে আদায় করা হলে মাস শেষে বড় অঙ্কের অর্থ সংগ্রহ সম্ভব। যদিও ঠিক কত দলিল নিবন্ধন হয়, সে বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি দপ্তরে এ ধরনের চাঁদাবাজির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারে, কারণ শেষ পর্যন্ত অতিরিক্ত অর্থের বোঝা দলিলগ্রহীতাদের ওপরই বর্তাতে পারে।
ব্রাহ্মণপাড়া উপজেলা সাব রেজিস্ট্রার দীপঙ্কর সাহা আমার দেশকে বলেন, দলিল লেখক সমিতির কয়েকজন বিষয়টা আমাকে জানিয়েছে। বিএনপির দুজন নেতা অফিসে এসেছিলেন । এর বেশি আমি কিছু বলতে পারছি না ।
অভিযুক্ত ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
অভিযুক্ত ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনকে একাধিকবার ফোন করে এবং হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানোর পরেও তিনি কোনো উত্তর দেননি।
কুমিল্লা -৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন আমার দেশকে জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স । সঠিকভাবে খোঁজ খবর নিয়ে নিউজ করেন। চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না।
নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com
কমেন্ট বক্স