নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও মানুষ ভোট দিতে পেরেছে: বদিউল আলম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিছু বিতর্ক থাকলেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নিয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। একই সঙ্গে প্রার্থীদের ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়গুলো খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
অন্য দিকে পৃথক এক অনুষ্ঠানে ‘ভয়েস ফর রিফর্ম’ নেতারা জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আরও স্পষ্ট অবস্থান কামনা করেছেন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্লেষণ তুলে ধরে সুজন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সামগ্রিকভাবে এবারের নির্বাচন শান্তিপূর্ণ ছিল। তবে কয়েকটি আসনে সহিংসতা এবং ভোটারদের প্রভাবিত করার বিচ্ছিন্ন অভিযোগ পাওয়া গেছে।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, প্রায় দুই ডজন ঋণখেলাপি প্রার্থী এবং দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণ উপস্থাপন না করেও কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিষয়টিকে নির্বাচন কমিশনের বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখছে সুজন।
এ দিকে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আরেক আয়োজনে ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম’ নামে নতুন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। সেখানে বক্তারা অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে গণভোটের রায়কে খাটো করা হয়েছে।
অনুষ্ঠানে ‘ভয়েস ফর রিফর্ম’-এর সদস্য সৈয়দ হাসিব উদ্দিন হোসেন এবং সহ-সমন্বয়ক কে এম ফাহিম মাশরুর বক্তব্য দেন। তারা ক্ষমতাসীন দলের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরার আহ্বান জানান।