'পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা দ্রুত উন্মোচন করতে হবে'
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা দ্রুত উন্মোচন করতে হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়। এত বছর পেরিয়ে গেলেও পিলখানা ট্রাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট রয়ে গেছে, যা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।
তিনি বলেন, খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনা হোক, তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তার মতে, বিচারহীনতা কিংবা আংশিক সত্য কখনোই জাতির ক্ষত সারাতে পারে না।
পরিশেষে তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহ যেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন।