ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাতিজা বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাতিজা বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি বনোফুল নামে একটি ফেইজবুক আইডি থেকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে আলোচিত ইকবাল হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। ফেইজবুক আইডির বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
এদিকে ওই ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী জানান, নিশ্বাপলাশবাড়ী গ্রামের সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর বাড়ীর পাশের বাড়ীতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেন ২৩ ফেব্রুয়ারি দুপুরে প্রবেশ করে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে আপন ভাতিজা বউকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি গ্রামবাসী জানলেও অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। গ্রামবাসী নিশ্চিত করেছেন যে বিএনপি নেতার এ অভিযোগের বিষয়টির সত্যতা শতকরা ৯৫ ভাগ, তবে তিনি প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দিচ্ছেন।
এছাড়া বিএনপির একাধিক নেতা-কর্মীও অভিযোগ করেছেন ২৪ এর ৫ আগস্টের পর ইকবাল হোসেন ক্ষমতার অপব্যবহার করেই চলেছে। তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষককেও লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল হয়েছে।
বিএনপির একাধিক সূত্রে জানা গেছে ইকবাল হোসেনের দলের পরিচয়ে অপতৎপরতা রুখতে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে অবহিত করা হয়েছে। সাংবাদিকদের কুটক্তিকারী ইকবাল হোসেনের বিষয়ে দলীয় কি পদক্ষেপ নেয়া হতে পারে, এ প্রসঙ্গে বিএনপির সংসদীয় আসন-৬ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানান, আগামী দলীয় সভায় বিষয়টি এজেন্ডায় আসবে।