রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-
কুষ্টিয়ার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।
স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দু'জনের মৃত্যু হয়।
হাসপাতাল প্রাঙ্গণে নিহত একজনের স্বজন জানান, হতাহত ব্যক্তিরা সবাই কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে ফিরছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, দূর্ঘটনাকবলিত যানবাহন দু'টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।