প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরনো কর্মচারীদের সঙ্গে এক আবেগঘন সাক্ষাতে মিলিত হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রায় ১৯ বছর আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কয়েকজন কর্মচারী এখনও কর্মরত আছেন। তাদের কয়েকজনকে প্রধানমন্ত্রী নাম ধরে ডেকে খোঁজখবর নেন এবং পরিবারের বিষয়ে জানতে চান।
সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব তাকে স্বাগত জানান। কার্যালয়ে প্রবেশের আগে তিনি বাগানে বৃক্ষরোপণ করেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রী দূর থেকে এক কর্মচারীকে দেখে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী এগিয়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন। এ সময় আরও কয়েকজনকে নাম ধরে ডেকে কথা বলেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, যারা একসময় নবীন ছিলেন, তাদের অনেকের চুলে এখন পাকা রং ধরেছে; তবুও প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারীরা আবেগাপ্লুত হন এবং উপস্থিত অন্য কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন।
পরে প্রধানমন্ত্রী রেড ব্লকে নিজ কক্ষে প্রবেশ করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এরপর তিনি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর সচিবালয়ে দায়িত্ব পালনের পর এই প্রথম তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তিনি।