পঞ্চগড়ে টিসিবির তেলের বোতলে পানি, চালান ফেরত
নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির পণ্য খালাসের সময় একটি কার্টনে ভোজ্যতেলের পরিবর্তে ৯ বোতল পানি পাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদামে এ অনিয়ম ধরা পড়ে। পরে পুরো ভোজ্যতেলের চালান ফেরত পাঠানো হয়েছে টিসিবির গুদামে।
খাদ্যগুদাম ও টিসিবি সূত্রে জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার টিসিবি গুদাম থেকে পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা ট্রেডার্সের মাধ্যমে ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল বোদা উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়। বোদা উপজেলার টিসিবি কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য এসব পণ্য গুদামে মজুত করা হচ্ছিল।
চালানে ৪৪৫টি কার্টনে ২ লিটার করে ৯ বোতল ভোজ্যতেল ছিল। খালাসের সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকরা সেটি খুলে দেখেন। সেখানে আটটি পুরোনো তেলের বোতলে পানি এবং একটি পানির বোতল পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে পুরো ভোজ্যতেলের চালান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বোদা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, টিসিবির গুদাম থেকে সঠিক প্রক্রিয়ায় পণ্য পাঠানো হলেও পরিবহনের সময় এ অনিয়ম ঘটে থাকতে পারে।
দিনাজপুরের কাহারোল টিসিবি গুদামের কর্মকর্তা মো. শাহজামাল বলেন, গুদাম থেকে যথাযথভাবে পণ্য সরবরাহ করা হয়েছিল। তবে পথে ট্রাকচালক পণ্যে পানি ভরে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ট্রাকচালক ময়নুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, বোদা উপজেলার জন্য নতুন করে ভোজ্যতেলের বরাদ্দ পাঠানো হবে।