শৈলকুপায় দুলাভাইয়ের হাতে শ্যালক খুন, আটক ২
নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে। ঘটনার পর প্রাইভেটকারযোগে পালিয়ে যাওয়ার সময় শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, কৃষক কেসমত আলীর সঙ্গে কয়েক বছর ধরে তার ছোট বোনজামাই নবিছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোকেও তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ ঘটনার তদন্ত করছে।