বুড়িচংয়ে রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা
বুড়িচংয়ে রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের মানুষজন।
১৮ ফেব্রুয়ারি বিভিন্ন বাজার ঘুরে একই চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান শুরুর আগ থেকেই বাজারে সবজি, ভোজ্যতেল, ছোলা (বুট), চাল, মাছ ও সোনালি মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
কয়েকদিন আগেও যে বেগুন প্রতি কেজি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে তেল, ছোলা, চাল, মাছ ও সোনালি মুরগির দামও বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছেন। তারা বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারেন।
দেবপুর বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক এক চাল ব্যবসায়ী জানান, প্রতি বস্তা চালের দাম প্রায় ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
কংশনগর বাজারে রমজান মাসের কেনাকাটা করতে গিয়ে গণমাধ্যমকর্মী শাকিল ক্ষোভ প্রকাশ করে বলেন, অল্প টাকা নিয়ে বাজারে এলে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কঠিন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, রমজান এলেই একটি অসাধু সিন্ডিকেট বাজারে সক্রিয় হয়ে ওঠে এবং এমন অনিয়মের চিত্র দেখা যায়। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার বিষয়টি নজরে এনে কার্যকর ব্যবস্থা নেবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স