ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিনের


আপডেট সময় : ২০২৬-০২-১৪ ২২:৩৮:১০
​মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিনের ​মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিনের

মোঃ আবদুল্লাহ 
বুড়িচং প্রতিনিধি।। 


কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মো: জসিম উদ্দিনের দায়িত্ব গ্রহণের আগেই মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়, এটাই তাঁর অঙ্গীকার। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নিজ বাসভবনে বিভিন্ন ইউনিয়ন থেকে জসিম উদ্দিনকে সংবর্ধনা দিতে আসা নেতাকর্মীগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, সীমান্তঘেঁষা এই অঞ্চলের সঙ্গে মাদকের একটি নেতিবাচক পরিচয় জড়িয়ে গেছে, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত লজ্জার। তিনি বলেন, এই বদনাম ঘোচাতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকার মানুষ যদি পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা মাদকের এই অভিশাপ থেকে মুক্ত হতে পারব।

নিজের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ ছড়িয়ে তাঁকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তবে জনগণের আস্থা ও ভোটের মাধ্যমেই তিনি নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

মাদক নির্মূলে স্থানীয়দের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মিতভাবে বাইরের এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদকসেবীরা এলাকায় প্রবেশ করে এমন তথ্য তাঁর কাছে রয়েছে। এসব কার্যক্রম প্রতিহত করতে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে। মাদকসেবী বা কারবারি যে দলেরই হোক না কেন, তাকে আটক করে দ্রুত প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

কঠোর হুঁশিয়ারি দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। মাদক নির্মূলে যদি পদত্যাগ করতেও হয়, তবুও পিছু হটব না।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাজী জসিম উদ্দিন আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা হবে। এলাকার সুখ-দুঃখে পাশে থেকে কুমিল্লা-৫ আসনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ