ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নির্বাচনী চমক: ৬ আসনের ৫টিতেই জামায়াতের নিরঙ্কুশ জয়


আপডেট সময় : ২০২৬-০২-১৪ ০১:০৭:০৯
যশোরে নির্বাচনী চমক: ৬ আসনের ৫টিতেই জামায়াতের নিরঙ্কুশ জয় যশোরে নির্বাচনী চমক: ৬ আসনের ৫টিতেই জামায়াতের নিরঙ্কুশ জয়
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ—
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও একটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন আসনের অধিকাংশ কেন্দ্রের ফলাফল গণনা শেষে এই চিত্র স্পষ্ট হয়।
 
যশোর-১ (শার্শা) আসনে ১০২টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী মুহাম্মাদ আজীজুর রহমান ১ লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯৯৫ ভোট।
 
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ১৭৫টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে জামায়াতের মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।
 
যশোর-৩ (সদর) আসনের ১৯০টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
 
 
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের ৫৭টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের গোলাম রসুল ৬১ হাজার ৭১৩ ভোট পেয়ে বিজয়ের পথে রয়েছেন। বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ৪৭ হাজার ৩৮১ ভোট।
যশোর-৫ (মণিরামপুর) আসনের ১২৮টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী গাজী এনামুল হক ১ লাখ ৯ হাজার ৮৯৩ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন পেয়েছেন ৬৯ হাজার ১৮২ ভোট এবং বিএনপির প্রার্থী রশীদ আহমাদ পেয়েছেন ৪৪ হাজার ৭১৪ ভোট।
 
যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের অধ্যাপক মুক্তার আলী ৯১ হাজার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৫৬৯ ভোট।
 
এদিকে, জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শেষে গেজেট প্রকাশের মাধ্যমে বিজয়ীদের নাম চূড়ান্ত করা হবে। যশোরে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক সন্তোষজনক ছিল এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ