আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা ও কারণ দর্শানো নোটিশের অসন্তোষজনক জবাব দেওয়ার অভিযোগে মণিরামপুর পৌর বিএনপিসহ চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি।
৪ ফেব্রুয়ারি (বুধবার) যশোর জেলা বিএনপির সাংগঠনিক প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির মিডিয়া সেল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট কমিটিগুলোকে পূর্বে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং বারবার দলীয় নির্দেশনা অমান্য করায় মণিরামপুর পৌর বিএনপি এবং ৩নং ভোজগাতী, ৫নং হরিদাসকাঠি, ১২নং শ্যামকুড় ও ১৭নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।
এতে আরও বলা হয়, পূর্বে জারিকৃত নোটিশের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় শিগগিরই নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়।