শেরপুরের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
আপডেট সময় :
২০২৬-০২-০৪ ১২:২০:৫০
শেরপুরের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
ময়মনসিংহ নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তিনি মৃত্যুবরণ করেন।
দলীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত দিলেও সাংগঠনিক দায়িত্ব ও নির্বাচনী কার্যক্রমের কারণে তিনি নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
নির্বাচনী মাঠে কাজের কোনো ঘাটতি না রাখতে প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম শেষে তিনি ময়মনসিংহে গিয়ে ডায়ালাইসিস করাতেন। ডায়ালাইসিস শেষে পরদিন সকালেই আবার শেরপুরে ফিরে দলীয় ও নির্বাচনী কার্যক্রমে অংশ নিতেন।
নুরুজ্জামান বাদলের মৃত্যুতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলটির পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স