নেত্রকোণার পাঁচ আসনেই জয় প্রত্যাশা বিএনপির
আপডেট সময় :
২০২৬-০২-০৩ ১৮:২২:৫৩
নেত্রকোণার পাঁচ আসনেই জয় প্রত্যাশা বিএনপির
নেত্রকোণার পাঁচ আসনেই জয় প্রত্যাশা বিএনপির
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার পাঁচটি সংসদীয় আসনেই বিজয় নিশ্চিত করতে চায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী অন্তত একটি আসনে জয় পেতে মাঠে সক্রিয় রয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জেলায় বাড়ছে প্রচার-প্রচারণা ও রাজনৈতিক উত্তাপ।
দীর্ঘ দেড় দশক পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছেন ভোটাররা। ফলে সাধারণ ভোটারদের মাঝে প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচিত হলেও নেত্রকোণার কোনো আসনে জামায়াত ইসলামী এখনো বিজয়ের মুখ দেখেনি। এবার সেই সমীকরণ বদলাতে চায় দলটি।
নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা)
এই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের বিপরীতে জামায়াত-সমর্থিত জোট প্রার্থী গোলাম রব্বানী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে বিএনপির জয়ের সম্ভাবনাই বেশি।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা)
বিএনপির প্রার্থী জেলা সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ফাহিম রহমান খান পাঠান। এ আসনেও বিএনপি এগিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া)
এই আসনে বিএনপির প্রার্থী ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল এবং জামায়াত প্রার্থী মো. খায়রুল কবীর নিয়োগী। এখানে ত্রিমুখী লড়াই হলেও বিএনপি এগিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী)
হাওরাঞ্চলের এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিপরীতে জামায়াত প্রার্থী মো. আল হেলাল তালুকদার মাঠে রয়েছেন। ভোটার ও বিশ্লেষকদের মতে, বাবরের জয় প্রায় নিশ্চিত।
নেত্রকোণা-৫ (পূর্বধলা)
এই আসনে বিএনপির প্রার্থী সাবেক ভিপি আলহাজ মো. আবু তাহের তালুকদারের সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এ আসনটি তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শেষ পর্যন্ত নেত্রকোণার পাঁচ আসনে কারা বিজয়ী হবেন, তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর্যন্ত।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স