স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘদিন পর রাজশাহীতে আগমন উপলক্ষে জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে হয়েছে সীমাহীন দুর্নীতি। তিনি অভিযোগ করেন, গ্রাম ও কৃষিনির্ভর অর্থনীতিকে উপেক্ষা করে মেগা প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় করা হয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছিল। কিন্তু বর্তমানে সেই প্রকল্প কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করা হবে এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
পদ্মাপাড়ের মানুষের জীবন ও জীবিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি রাজশাহীর বিখ্যাত আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাত উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে এ অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে পারে।
বক্তব্যে তারেক রহমান শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের ওপর জোর দিয়ে বলেন, বিএনপি সংঘাত কিংবা বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, “সমালোচনা করে মানুষের পেট ভরে না। আমাদের লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন করা।”
নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যারা একসময় ভোটের অধিকার হরণ করেছিল তারা বিদায় নিয়েছে, তবে নতুন করে একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকারের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রকৃত সত্য উদঘাটনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।
জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয়ী করার জন্য নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান হিসেবে এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে তিনি সর্বশেষ ২০০৪ সালে রাজশাহী সফর করেছিলেন।