নিজস্ব প্রতিবেদক
ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে জামায়াতসহ জোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচনী সফরের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় উত্তর কাফরুল হাই স্কুল প্রাঙ্গণে এক গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। স্কুল প্রাঙ্গণে প্রবেশের সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসায় অভিভূত হন আমীরে জামায়াত। ছোট ছোট শিক্ষার্থীরা এগিয়ে এসে তাঁর সঙ্গে হাত মেলালে আবেগাপ্লুত কণ্ঠে ডা. শফিকুর রহমান বলেন, আমি আজ খুবই আনন্দিত। স্কুলের গেট দিয়ে ঢোকার সময় যখন সোনামণিরা আমার সঙ্গে হাত মেলাতে এগিয়ে এসেছে, সে দৃশ্য আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসাসহ স্থানীয় নেতাকর্মী, অভিভাবক ও সাধারণ জনগণ।
আমীরে জামায়াত বলেন, আল্লাহ যদি আমাদের দেশসেবা করার সুযোগ দেন এবং আপনারা দোয়া ও ভালোবাসা দিয়ে আমাদের সমর্থন করেন, তাহলে আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অগ্রাধিকার হবে শিক্ষা। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নত হতে পারে না।
তিনি আরও বলেন, ‘আমরা দু’টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিতে চাই—নৈতিক শিক্ষা এবং পেশাগত শিক্ষা। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এ দু’টিরই মারাত্মক ঘাটতি রয়েছে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এসব বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে কাজ করব, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, ‘শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্টদের উদাসীনতা ও মানহীন শিক্ষার কারণেই আমাদের দেশের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে নিজেদেরকে দেশ-বিদেশে যথাযথভাবে উপস্থাপন করতে পারছে না। শিক্ষার মান নিশ্চিত করে নৈতিকতা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে তারা বিশ্বের যেকোনো জায়গায় নিজেদের গর্বিত নাগরিক হিসেবে তুলে ধরতে পারবে। তখন বেকারত্ব আর তাদের পিছু ছাড়বে না, বরং কাজই তাদের খুঁজে নেবে।’ তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।