ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে রাতের সড়কে প্রাণঘাতী সংঘর্ষ, পিকআপের ধাক্কায় স্কুটিচালক নিহত


আপডেট সময় : ২০২৬-০১-১৯ ২৩:২৮:৫৮
কালীগঞ্জে রাতের সড়কে প্রাণঘাতী সংঘর্ষ, পিকআপের ধাক্কায় স্কুটিচালক নিহত কালীগঞ্জে রাতের সড়কে প্রাণঘাতী সংঘর্ষ, পিকআপের ধাক্কায় স্কুটিচালক নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে পিকআপভ্যান ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কালীগঞ্জ–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের বাঘেরপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে তার নাম মিশুক ভট্টাচার্য বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ৪০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ঘোড়াশাল থেকে স্কুটি নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথিমধ্যে বাঘেরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি স্কুটি থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবুও আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হই এবং সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করি।

এদিকে দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পুলিশ পিকআপভ্যানটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ