রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন মধুপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মেসার্স সোহেল এন্টারপ্রাইজ নামের একটি দোকানে আগুন লেগে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সোহেল রানা ইবি থানাধীন সুগ্রীবপুর এলাকার মোঃ আল-আমিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাতে দোকানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ব্যবসায়ী মো. সোহেল রানা বলেন, সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি দোকানের প্রায় সবকিছু পুড়ে গেছে। আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করছি, বিদ্যুতিক দুর্ঘটনা থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ভুক্তভোগী থানায় একটি জিডি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।V