আশিকুর রহমান শান্ত
ভোলা জেলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে মানিকারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের মো. তাহেরের ছেলে মো. মিজান, একই উপজেলার আজমেরি আরমিন ও রিয়াজ উদ্দিন। তবে ঘটনার পরপরই ট্রাক ও সিএনজি চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের উদ্দেশ্যে রওনা করেন সিএনজিটি। পরে মানিকারহাট বাজার সংলগ্ন মাদরাসা মোড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন অন্তত চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক আজমেরি আরমিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পুরো পরিচয় পাওয়া যায়নি। আর একজন হাসপাতালে নেওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।v