ত্রিশালে ছাত্রদল নেতাকে ধরে নেয়ার চেষ্টা ভুয়া ডিবি পুলিশের
আপডেট সময় :
২০২৫-১২-২৫ ২১:৪৭:১৩
ত্রিশালে ছাত্রদল নেতাকে ধরে নেয়ার চেষ্টা ভুয়া ডিবি পুলিশের
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম নোমানকে বুধবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে ধরে চেষ্টার ঘটনা ঘটেছে। তার ডাক-চিৎকারে এলাকাবাসি জড়ো হলে পালিয়ে যায় ভুয়া ডিবি পুলিশ।
উপজেলার রামপুর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম নোমান বুধবার রাত ১০ টার দিকে গফাঁকুড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথরোধ করে তাকে দাঁড় করায় ডিবি পুলিশ পরিচয়ে ৫ সদস্য। ঝটপট তার হাতে পড়ানো হয় হাতকড়া। পাঁচ জনের মধ্যে দুইজন তাকে মারধর করতে করতে নিয়ে যাওয়া হচ্ছিল নির্জন মাঠের দিকে। গাড়িতে না উঠিয়ে তার কপালে ছুরিকাঘাত ও মারধর করতে করতে যখন তাকে নির্জন মাঠের দিকে নিয়ে যাচ্ছিল, তখন ওই যুবকের মনে সন্দেহ জাগে। সে স্বজোড়ে চিৎকার দিতে থাকে। তার ডাক-চিৎকারে ঘটনাস্থলে জড়ো হতে থাকে এলাকাবাসি। কেন তাকে আটক করা হয়েছে উপস্থিত এলাকাবাসির এমন প্রশ্ন ও অবস্থা বেগতিক দেখে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভুয়া ডিবি পুলিশ। ডিবি পুলিশের পোষাক ও পরিচয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর আহত ছাত্রদল নেতার বড়ভাই এনামুল করিম ফরহাদ ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ ও ত্রিশাল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ডিবি পুলিশের কোন ফোর্স কোন অভিযানে বের হয়নি। হাতকড়া পড়াবস্থায় আহত ছাত্রদল নেতা নোমানকে চিকিৎসার জন্য ত্রিশাল সদরে নিয়ে আসলে, ভুয়া ডিবি পুলিশের পড়ানো ওই হাতকড়া খোলার চেষ্টা করে ব্যর্থ হন থানা পুলিশ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা হাতকড়াটি কেটে দেন। এরপর ওই আহত ছাত্রদল নেতাকে ভর্তি করা হয় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে মিলেছে একটি খেলনা পিস্তল। এদিকে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাদের কোন ফোর্স ত্রিশালে অভিযানে আসেনি।
ছাত্রদল নেতার বড়ভাই এনামুল করিম ফরহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তাদের কাছে জানতে চাই আমার ভাইয়ের কি অপরাধ? কেন ধরেছেন? মারছেন কেন ? আপনাদের কাছে কোন ওয়ারেন্ট ইস্যূ আছে কিনা ? অস্ত্র আর ওয়াকিটকি কোথায় ? এরপর তারা উত্তর দিচ্ছি বলে ভুদৌড়ে তাদের বহন করা সিএনজি যোগে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
আহত ছাত্রদল নেতা নোমানের ভাষ্য, ত্রিশাল আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ২৮ নভেম্বর কাফনের কাপড় পড়ে মিছিল করেছিলাম। ওই ঘটনার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, ত্রিশাল থানা পুলিশ হাতকড়াটি কেটে দিতে বলায়, আমরা কেটে দেই।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, বিষয়টি অবগত হয়েছি। এখনো মামলা হয়নি, তবে ভুয়া ডিবি পুলিশ কিনা তা তদন্ত করে দেখা হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স