পূর্বধলায় চাচার শাবলের আঘাতে ভাতিজা নিহত,আটক ২
আপডেট সময় :
২০২৫-১২-২৪ ০১:৫৭:৩০
পূর্বধলায় চাচার শাবলের আঘাতে ভাতিজা নিহত,আটক ২
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচার শাবলের আঘাতে জিহাদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট ইলাশাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদুল ইসলাম পেশায় ট্রাকচালক এবং তিনি ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে জিহাদুল ইসলামের সঙ্গে তার চাচা নিজাম উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজাম উদ্দিন বাড়িতে চলে যান। পরে তার বড় ভাই ও ছেলেসহ সাত-আটজন জিহাদুলের বাড়ির সামনে এসে তাকে লক্ষ্য করে শাবল দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জিহাদুল ইসলাম রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্তদের বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোনা) সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইসলাম উদ্দিন (৬০) ও মুর্তজা (৫০) নামে দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স