দেবীগঞ্জে মহান বিজয় দিবসে সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি
আপডেট সময় :
২০২৫-১২-১৭ ০০:৫৯:০৮
দেবীগঞ্জে মহান বিজয় দিবসে সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি
মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
মহান বিজয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও পঞ্চগড়ের দেবীগঞ্জে এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে। দিবসটির গুরুত্ব উপেক্ষা করে একাধিক সরকারি স্থাপনায় নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলো এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী আলোকসজ্জার কথা থাকলেও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোনো ধরনের আলোকসজ্জার ব্যবস্থাও চোখে পড়েনি।
রাষ্ট্রের সর্বোচ্চ অর্জনের এই দিনে সরকারি কার্যালয়ে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন মহল।
বীর মুক্তিযোদ্ধা মো. সরাফত আলী বলেন, “আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রত্যেকটি বাসা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা অপরিহার্য। অথচ সরকারি প্রতিষ্ঠানেই এই দায়িত্ব পালিত হয়নি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই—যেসব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”
যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক সরকারি অফিসে পতাকা উত্তোলনই করা হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং চরম অবহেলার শামিল।”
এদিকে বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার কারণ জানতে দেবীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সরকারি মুঠোফোনেও একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স