কুষ্টিয়ায় আধুনিক রেলওয়ে স্টেশনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১২-০৮ ০০:৪৭:৫১
কুষ্টিয়ায় আধুনিক রেলওয়ে স্টেশনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ এবং রেলসেবার মান উন্নয়নের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ ডিসেম্বর) কুষ্টিয়া বড় স্টেশন প্ল্যাটফর্মে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংগঠক সুলতান মারুফ তালহা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন দুর্নীতি বিরোধী সংগঠক লেখক ও সাংবাদিক আলী মুজাহিদ।
কুষ্টিয়া জেলার রেলওয়ে উন্নয়নের গবেষণা মূলক প্রস্তাবনা পাঠ করেন কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন রুবি সওদাগর, লিমন আহমেদ, তিতাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার রেলপথ, প্ল্যাটফর্ম, যাত্রী নিরাপত্তা ও সেবার মান উন্নয়ন স্থবির হয়ে আছে। অথচ এই অঞ্চলের লাখো মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও আর্থিক কর্মকাণ্ড রেলপথের উপর নির্ভরশীল।
বক্তারা আরও বলেন, কুষ্টিয়া জেলার প্রধান যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে রেল অন্যতম হলেও অবকাঠামো ও সেবার মান সময়োপযোগী নয়। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে একটি আধুনিক রেলস্টেশন নির্মাণ, ট্রেন সার্ভিস বৃদ্ধি, প্ল্যাটফর্ম সংস্কার এবং যাত্রীবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান তারা। এ দাবির অগ্রগতি না হলে কঠোর আন্দোলনের সতর্কতাও উচ্চারণ করেন বক্তারা।
সমাপনী বক্তব্যে সুলতান মারুফ তালহা আগামী বুধবার কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে নাগরিকবন্ধন কর্মসূচির ঘোষণা দেন এবং সকল শ্রেণি-পেশার মানুষকে এতে অংশগ্রহণের আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স