এমপি হলে জুলুম-নির্যাতন বন্ধ হবে: কেন্দুয়ায় কর্মীসভায় ড. হিলালী
এমপি হলে জুলুম-নির্যাতন বন্ধ হবে: কেন্দুয়ায় কর্মীসভায় ড. হিলালী
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, তিনি এমপি নির্বাচিত হলে কোনো নিরপরাধ ব্যক্তি জুলুম-নির্যাতনের শিকার হবে না। মামলা-হামলার ভয়ভীতি ছাড়া সবার জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চান তিনি।
সোমবার (১০ নভেম্বর) রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আদমপুর পণ্ডিত অ্যান্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চার দশকের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ড. হিলালী বলেন, “দলের জন্য সারাজীবন কাজ করেছি। দলও আমাকে এবারসহ চারবার মনোনয়ন দিয়েছে। ২০০৬ সালের নির্বাচন সরকার বানচাল করে দেয়। ২০০৮ সালে সারাদেশে বিপর্যয়ের মধ্যেও রেকর্ডসংখ্যক ভোট পেয়েছিলাম। আর ২০১৮ সালের ভোট তো আপনারাই জানেন-রাতেই সব শেষ হয়ে গিয়েছিল।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে যারা থাকে, তাদের স্বপ্ন একবার সংসদ সদস্য হয়ে জনগণের সেবা করা। সেই স্বপ্ন নিয়ে জেল-জুলুম সহ্য করে আজও মাঠে আছি। ধানের শীষে একটি ভোট দিন—ইনশাআল্লাহ আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব এবং এলাকার উন্নয়নে কাজ করব।”
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, রেজাউল হাসান ভূঁইয়া সুমন, সৈয়দ রাকিব হাসান তন্ময়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
কর্মীসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো মাঠ মুখর হয়ে ওঠে “ধানের শীষে ভোট দিন” স্লোগানে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স