স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকিরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ঘাট এলাকার কাঠের ব্রিজের পাশে এ হামলার ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। লুৎফুজ্জামান ফকির সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে সাংবাদিকতা পেশায় যুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি নিয়ে তার ওপর এলোপাতারি কোপাতে শুরু করে। তার সঙ্গে থাকা রূপসী বাংলা টিভির দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ বাধা দিতে গেলে তাকেও কোপানোর হুমকি দেওয়া হয়। পরে আশপাশের লোকজন দৌড়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নেন।
দুর্গাপুর সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. আনিকা জানান, প্রাথমিক চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ বলেন, লুৎফুজ্জামানের হাতে রগ কেটে গেছে। মমেক থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীদের মধ্যে লিমন ও অস্ত্র ব্যবসায়ী তাজুলকে শনাক্ত করেছেন।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।