গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-হামলা ভাঙচুর, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, ১জন নিহতের অভিযোগ
আপডেট সময় :
২০২৫-১১-০৯ ২২:১১:১৮
গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-হামলা ভাঙচুর, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, ১জন নিহতের অভিযোগ
গৌরীপুর (ময়মনসিংহ ) প্রতিনিধি :
১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে হামলা-ভাঙচুর হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত গৌরীপুর পৌর শহরে দফায় দফায় এই সংঘর্ষ ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ১জন নিহত ও উভয়ে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।
এই ঘটনায় রোববার রাতে সংবাদ সম্মেলন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ অভিযোগ করে বলেন, রোববার বিকালে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় নারী সমাবেশের আয়োজন করা হয়। রোববার বিকালে ইঞ্জিয়ার এম ইকবাল হোসেইনের সমর্থকরা ওই সমাবেশে হামলা চালিয়ে মঞ্চের চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে। এসময় মোটরসাইকেল ভাঙচুর সহ অনেকেই আহত হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। এই ঘটনায় আমি বিচার প্রার্থনা করছি। তবে ইকবালের অনুসারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন তিনি। সমাবেশে নিহতের বিষয় জানা নেই।
এদিকে রোববার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের অনুসারী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ গৌরীপুর পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে রাতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন। গত শনিবার রাতে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা ময়মনসিংহ উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালায় এবং রোববার বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের সমাবেশ ছিল পৌর শহরের গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে। ওই সমাবেশে যাওয়ার সময় ইঞ্জিনয়ার এম ইকবাল হোসেইনের গাড়িবহরে হামলা ও তার অনুসারীদের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালায় হিরণের অনুসারীরা। ওই সময় আমাদের সমাবেশে যোগদান করে তানজিন আহমেদ আবিদ নামে ছাত্রদলের একজন কর্মী নিহত হয়েছে। আমাদের কেউ হিরণের সমাবেশে হামলা-ভাঙচুর চালায়নি।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। আমরা একজন নিহতের খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স