ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন আলোচনার কেন্দ্রবিন্দু “বাকসু” বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। দীর্ঘদিনের নীরবতা ভেঙে ২৯ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করেছে বাকসুর গঠনতন্ত্রের খসড়া। এতে কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং প্রতিটি হল সংসদে ১৫টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে।
খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের সভাপতি থাকবেন উপাচার্য, কোষাধ্যক্ষ হবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্যের মনোনীত একজন। বাকি ২৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। একইভাবে, হল সংসদে প্রাধ্যক্ষ থাকবেন সভাপতি ও আবাসিক শিক্ষক কোষাধ্যক্ষ, আর বাকি ১৩টি পদে নির্বাচনের আয়োজন থাকবে।
গঠনতন্ত্রে প্রার্থীর যোগ্যতা সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে, প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে, এবং হল সংসদের ক্ষেত্রে সংশ্লিষ্ট হলে আবাসিক হতে হবে।
তবে এই ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাকসু প্রণয়ন কমিটি অবশ্য বলছে, এটি কেবল প্রাথমিক খসড়া। ৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে তাদের মতামত জানাতে পারবেন এবং ৫ নভেম্বর পর্যালোচনা শেষে চূড়ান্ত খসড়া সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।
দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এখন সেই সুযোগ ফেরত আসছে, তবে সেটি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে, সেটিই এখন শিক্ষার্থীদের প্রধান প্রশ্ন। আশা ও আশঙ্কা, দুটির মাঝেই দাঁড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অপেক্ষা করছে একটি কার্যকর, গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক ছাত্র সংসদ গঠনের জন্য।