বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বাগেরহাট জেলা সভাপতি তালুকদার বকতিয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন।
এ সময় আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির, ফকিরহাট উপজেলা সভাপতি এনামুল মোড়ল ও রামপাল উপজেলা সভাপতি আবু মুসা।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। পৃথিবী আজ গভীর সংকটে নিমজ্জিত। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো পবিত্র ইসলামের তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
তাঁরা আরও বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাগুলো নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তাই মানবতার মুক্তির জন্য তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।