ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, কর্মীদের ওপর হামলা ও দোকান লুটপাটের অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মধ্যনগর সদর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, পরেশ সরকার, জাহাঙ্গীর মিয়া ও মজিদ মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মধ্যনগরের গোড়াডোবা বিল নিয়ে মামলা সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার মোশাহিদ তালুকদারের নির্দেশে তার লোকজন ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে রাজিব মিয়া, কাসেম মিয়া ও ইদ্রিস মিয়াসহ কয়েকজন আহত হন। আহতদের পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভকারীরা মোশাহিদ তালুকদারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।
অভিযুক্ত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার এ বিষয়ে বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।