ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশিকুন্ডা গ্রামের মো. আবু তাহের মোল্লার ছেলে মো. রফিকুল ইসলাম কালু (২২) ও মো. জালাল মিয়ার ছেলে আহছান হাবিব ওরফে লাদেন (২৫)।
মধ্যনগর থানার ওসি মোঃ মনিবুর রহমান বলেন, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের আরেকটি দল ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামে অভিযান চালায়। সেখানে জালাল মিয়ার বসতঘরের বারান্দা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।তিনি আরো বলেন গত ২৫ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল ৯টার মধ্যে মোটরসাইকেলটি চুরি হয়েছিল।এব্যাপারে আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।