সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় দেবীগঞ্জে ক্লিনিকের ওটি বন্ধ
আপডেট সময় :
২০২৫-১০-১১ ২১:৫৩:২৫
সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় দেবীগঞ্জে ক্লিনিকের ওটি বন্ধ
মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর কৃষ্ণা রানী (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
প্রসূতির মৃত্যু ঘটে শুক্রবার (১০ অক্টোবর) রাত ৩টার দিকে। কৃষ্ণা রানীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নীলফামারীতে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে পৌর শহরের করতোয়া সেতু টোলপাড় সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন কৃষ্ণা রানী। ওই অপারেশনটি সম্পন্ন করেন ডা. শিখা মনি, যিনি একই প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলাম বাবুলের মেয়ে।
অভিযোগ রয়েছে, অপারেশনের পর রাত ২টা পর্যন্ত ক্লিনিকে ভর্তি অবস্থায় কৃষ্ণা রানীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার শাশুড়ি কনিকা রানীর দাবি, “অপারেশনের পর থেকে কৃষ্ণার বুক ছটফট করছিল, পেট ফুলে যাচ্ছিল ও পায়ে ব্যথা হচ্ছিল। বারবার ডাক্তারকে ডাকতে বললেও নার্স এসে শুধু স্যালাইন ও ইনজেকশন দিতেন।”
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে স্কয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা কোনো অপারেশন করতে পারবে না।”
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “ক্লিনিকের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স