রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালের দিকে স্থানীয়রা লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকার মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে।
জানা গেছে, ১ম স্বামীর মৃত্যুর পর ২য় স্বামী নাহিদ ইসলামের সঙ্গে চৌড়হাস এলাকায় থাকতেন যুথি। ১ম পক্ষের একটি মেয়ে আছে যুথির।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহনন। তবুও সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, শনিবার সকালের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুরে বোরকা পরিহিত এক নারীর ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। এ বিষয়টি হাসপাতাল ক্যাম্প পুলিশকে জানায় তারা।
পরে, কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্ত হয়।
তবে নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বলেন, প্রথম স্বামীর মৃত্যুর পর মেয়েটি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। মেয়েকে নিয়েই থাকতো। সম্প্রতি ওর মেয়েকে কোথাও বিক্রি করে দিয়েছে। এটা নিয়ে ঝামেলা চলছিল। বেশ কিছুদিন ধরে তাকে জেনারেল হাসপাতালের আশেপাশে দেখা যেত।
নিহতের দ্বিতীয় স্বামী নাহিদ ইসলাম বলেন, যুথি এখন আমার সাথে থাকে না। কোথায় থাকে তাও জানি না। তবে গতকাল আমাকে ফোন দিয়েছিল। জানায়, তুহিন,বিল্লু ও গন্জের নামের তিনজন ব্যক্তি তাকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছে।
এ সময় নাহিদ নিজ থেকেই জানান, যুথির মেয়েকে কোথাও বিক্রি করে দিয়েছে। গন্জের নামে এক ব্যক্তির কাছে তার মেয়ে আছে। এই নিয়ে কোন ঝামেলা আছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, মেয়েটি মাদকাসক্ত ছিল। তাছাড়া শরীরে আঘাতের কোন চিহৃ নেই। প্রাথমিকভাবে মনে হয়েছে আত্মহত্যা। বাকিটা তদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে কথা বলে জানতে পেরেছি বেশ কিছুদিন ধরে মেয়েটি মানসিক বিপর্যস্ত ছিল। তাছাড়া মাদকাসক্ত ছিল। পরিবারের লোকজনও কিছু বলতে পারেনা। হাসপাতালের আরএমও’র বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা। তবুও সব দিক বিবেচনা করেই তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।