বুড়িচংয়ে তেল পরিমাপে গড়মিল, বিএসটিআইয়ের অভিযানে মদিনা ফিলিং স্টেশনকে জরিমানা
আপডেট সময় :
২০২৫-১০-০৮ ২২:০৬:২৮
বুড়িচংয়ে তেল পরিমাপে গড়মিল, বিএসটিআইয়ের অভিযানে মদিনা ফিলিং স্টেশনকে জরিমানা
মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লা বুড়িচং উপজেলায় তেল পরিমাপে গড়মিল ধরা পড়ায় মদিনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট।
বুধবার (৮ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনের একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরও দুটি ফিলিং স্টেশন জান্নাত ফিলিং অ্যান্ড সিএনজি সার্ভিসেস, আলেখারচর এবং নাঈমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি, আলেখারচর এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে তেল পরিমাপ সঠিক পাওয়া যায়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ, মো. লুৎফর রহমান, প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।
বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স