খালিদ হাসান, (তাড়াশ) সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের তাড়াশে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় বারের মতো পানিতে তলিয়ে গেছে বর্ষা মৌসুমের আমন ধান। হঠাৎ করেই অতিরিক্ত বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে পানির নিচে তলিয়ে গেছে কৃষকদের সযত্নে লালিত ফসল।
স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিন আগে টানা বৃষ্টির ফলে মাঠের পানি নামতে শুরু করেছিল। ফলে তারা নতুন করে জমিতে সার ও পরিচর্যা শুরু করেছিলেন। কিন্তু আবারও কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় ফসল পানিতে ডুবে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
তাড়াশ উপজেলার মাধাইনগর, দেশীগ্রাম, বারুহাস ও তাড়াশ সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় হাজার হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। অনেকে ক্ষতির আশঙ্কায় এখন থেকেই চিন্তিত হয়ে পড়েছেন।
মাধাইনগর গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, আমরা ভেবেছিলাম পানি নেমে গিয়ে ফসল ভালোভাবে বেড়ে উঠবে। কিন্তু আবারও পানিতে ডুবে গেছে। যদি দ্রুত পানি না নামে তবে অনেক ক্ষতি হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি দ্রুত সরে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না, তবে দীর্ঘসময় পানির নিচে থাকলে চারা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষি বিভাগ মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। স্থানীয় কৃষকরা এখন প্রশাসনের জরুরি উদ্যোগ ও পানি নিষ্কাশনের জন্য কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।