দেবীগঞ্জে ১১৬ পূজা মণ্ডপে দিনরাত পাহারায় আনসার-ভিডিপি সদস্যরা
আপডেট সময় :
২০২৫-০৯-৩০ ১৯:৫৬:৩২
দেবীগঞ্জে ১১৬ পূজা মণ্ডপে দিনরাত পাহারায় আনসার-ভিডিপি সদস্যরা
মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে ১১৬টি পূজা মণ্ডপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৫০ জন প্রশিক্ষিত সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন সদস্যরা দায়িত্বে থাকবেন। এবারের কার্যক্রমে নতুন সংযোজিত এভিএমএস সফটওয়্যারের মাধ্যমে সকল সদস্যের নিবন্ধন ও হালনাগাদ তথ্য যাচাই করা হয়েছে। পাশাপাশি গুজব প্রতিরোধ ও তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ মোকাবেলায় চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ এবং ইনসিডেন্ট রিপোর্ট ব্যবস্থা, যা নিরাপত্তা আরও জোরদার করেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকরা মাঠে থেকে নিয়মিত পূজা মণ্ডপ পরিদর্শন করছেন, এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
দেবীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিন আক্তার জানান, পূজা মণ্ডপগুলোকে ঝুঁকির ভিত্তিতে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি মণ্ডপে আটজন করে, গুরুত্বপূর্ণ ৩৩টি মণ্ডপে ছয়জন করে এবং সাধারণ ৫৬টি মণ্ডপে ছয়জন করে মোট ৭৫০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন।
তারা ২৪ ঘণ্টা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করছেন। প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা সম্ভব হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স