স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া বাজারে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ওই বাজারের ব্যবসায়ী মো. হলুদ মিয়ার বিরুদ্ধে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সাজিউড়া বাজারের সাইডুলী নদীর উপর রাতের আঁধারে মাটি ভরাট করে একটি আধাপাকা ঘর নির্মাণ করা হয়েছে। এতে শুধু নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে না, বরং বাজারের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, কান্দিউরা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মো. হলুদ মিয়া, যিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তিনিই মূলত এই অবৈধ ঘর নির্মাণের সাথে জড়িত।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরেই বাজার এলাকায় নদীর জায়গা দখলের চেষ্টা চলছে। বিগত দুই বছর আগে ঘর নির্মান করেছিল হলুদ মিয়া পরে এলাকাবাসী প্রশাসনের শরণাপন্ন হলে উক্ত জায়গাটি দখল মুক্ত করা হয়।
এ বিষয়ে কয়েকজন স্থানীয় দোকানদারদের সাথে কথা বললে তারা বলেন, “নদী দখল করে যদি ঘর তোলা হয়, তাহলে বাজারে বিশৃঙ্খলা আরও বাড়বে। আমাদের চলাচলেও সমস্যা হবে। আমরা চাই প্রশাসন যেন অবৈধ ঘরটি দ্রুত ভেঙে ফেলে।”
অভিযুক্ত হলুদ মিয়া মুঠোফোনে জানান, আমার ঘর যদি সরকারি জায়গায় পড়ে থাকে তবে, কতৃপক্ষ জায়গাটি নির্দিষ্ট করলে আমি ঘরটি ভেঙ্গে ফেলবো।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”