ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।


আপডেট সময় : ২০২৫-০৯-১৯ ১৯:৩৪:২২
ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:

শারদীয় দুর্গোৎসবের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মৃৎশিল্পীরা। এ বছর নিত্যপণ্যসহ প্রতিমা তৈরির নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রতিমা নির্মাণ খরচসহ অন্যান্য উপকরণের খরচও বেড়ে গেছে।

এতে করে দুর্গা পূজারও খরচ অনেকাংশে বেড়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকরা। জানা যায়, উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৬২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই প্রতিটি প্রতিমার কাঠাম বাঁধা, বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ পর্যায়ে এসেছে।

এখন চলছে কাদা মাটির গাড়ো প্রলেপসহ রংয়ের আস্তরের কাজ। আর কয়েকদিন পরেই প্রত্যেকটি প্রতিমার শরীরে রং তুলির আঁচড় দিতে শুরু করবেন শিল্পীরা।

উপজেলার শিবনগর ইউনিয়নের কালিরহাট গ্রামের মৃৎ লিল্পী বিজয় কুমার রায় বলেন, তিনিসহ তার পিতা ও কাকা মিলে পাঁচটি দুর্গা প্রতিমা তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়ে নির্মাণ কাজ করছেন।

আকারভেদে এক-একটি প্রতিমা তৈরিতে মজুরি নিচ্ছেন ৩০ থেকে ৩৮ হাজার টাকা। তবে প্রতিমা তৈরির উপকরণ সরবরাহ করেন আয়োজকরা। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এবার প্রতিমা তৈরিতে মজুরি বেশি নিতে হচ্ছে।

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শিব মন্দিরের প্রতিমা নির্মাণকারী মৃৎশিল্পী গোপাল রায় বলেন, নির্ধারিত সময়ের অন্তত ৬ ঘণ্টা আগে কাজ শেষ করতে দিনেরাতে কাজ করছেন। এতে সহযোগিতা করছে বাড়ীর নারীসহ ছেলেমেয়েরা। গত বছর মন্দিরের প্রতিমা তৈরিতে ২৮ হাজার টাকা নিলেও এ বছর নিচ্ছেন ৩৭ হাজার।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক আনন্দ কুমার গুপ্ত ও সদস্য সচিব রতন চক্রবর্তী বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে আনন্দের বার্তা এসেছে। প্রত্যেকটি মণ্ডপে যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সকলেরই নজরদারী রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা আর শেষ হবে ২ অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে। এ বছর মা দেবী দুর্গা গজে (হাতি) আগমণ এবং নৌকায় গমন করবেন।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিব্বুল বলেন, ফুলবাড়ীর ৬২ টি মণ্ডপের দুর্গাপূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, শারদীয় দূর্গোৎসবকে আনন্দময় পরিবেশে সফল করতে উপজেলা প্রশাসন সার্বিকভাবে কাজ করছে। এজন্য একটি কন্ট্রোল রুম খোলা হবে। অতিতের মতো এবছরও হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজের মতো করে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করবেন এতে কোন সমস্যা যাতে না হয় সেজন্য আমরা সজাগ রয়েছি।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ