খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও সংক্ষিপ্ত আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সার্বিক সুখ-সমৃদ্ধি, গণতন্ত্রের মুক্তি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর মঙ্গল ও ধারাবাহিক অগ্রগতি কামনা করা হয়।