নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জু'লুছ

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৫৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৪:০০:৫৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি



বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুছটি শুরু হয়।


উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর নেতৃত্বে জুলুছটি নাসিরনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় হামদ-নাত, দরুদ ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে নাসিরনগর উপজেলা সদর। শিশু থেকে প্রবীণ—


সব বয়সী মানুষ ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে জুলুছে অংশ নেন। পরে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ সভাটি সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-



এর পবিত্র জীবনাদর্শ, মানবতার কল্যাণে তাঁর শিক্ষা ও দিকনির্দেশনা অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন নাসিরপুর সাহেব বাড়ির গদিনশীন পীর আলহাজ সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী, সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাওলানা আবু বকর সিদ্দিক, শ্রীঘর দরবার শরীফের পীরজাদা মুফতি খন্দকার নজরুল ইসলাম, নাছিরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আবু নৌশাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, পীরজাদা মাওলানা সৈয়দ ওয়ালী হায়দার, খান্দুরা দরবার শরীফের পীরজাদা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া, মুফতি সৈয়দ আজহারুল ইসলাম, পীরজাদা মাওলানা আলী হায়াত,


মাওলানা জসিম উদ্দিন ভূঁইয়া, মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ আতিকুর রহমান ও পীরজাদা সৈয়দ শরীফুল আজিজসহ আরও অনেকে। এ সময় বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পবিত্র মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী। এদিকে পবিত্র মাহে রবিউল


আউয়াল উপলক্ষে আয়োজিত এ জশনে জুলুছে নাসিরনগরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর সুন্নাহ


অনুসরণের আহ্বানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর। অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়াতের প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com