নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলা-ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তমাল ওই এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রায়গঞ্জ পৌর সভার সাবেক প্রশাসক নুর সাঈদের ভাতিজা।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান তমাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপি সহপ্রচার সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রেজাউল করীম খান বলেন, তমাল সরকার প্রয়াত বিএনপি নেতা নুর সাঈদ সরকারের সম্পর্কে ভাতিজা। তবে বিএনপির সঙ্গে তার কোন সম্পর্ক নেই। সে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে ফেরার পথে তার গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
১৭ আগস্ট পুলিশ এই মামলার এজাহারভুক্ত আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই মামলায় মোট তিন আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।