নিজস্ব প্রতিবেদক
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ও ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম বলেছেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির তার বাসভবনে দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সভার কোনো নির্দিষ্ট এজেন্ডা বা পূর্বনির্ধারিত সূচি ছিল না; এটি ছিল মূলত একটি উন্মুক্ত ও প্রাণবন্ত মতবিনিময়। সভার শুরুতে জামায়াতের আমির একটি সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দেওয়ার পর উপস্থিত নেতৃস্থানীয় সম্পাদকরা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘সভায় অত্যন্ত খোলামেলা পরিবেশে বিরোধীদলের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যতে তাদের কী করা উচিত, তা নিয়ে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেওয়া হয়। সভায় বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করা হয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারে পরিণত হয়ে বিরোধী দলের সব রাজনৈতিক পথ বন্ধ করে দিয়েছিল। তবে এর পাশাপাশি অতীতে বিরোধী দলগুলোর নেতিবাচক ভূমিকার কথাও স্মরণ করা হয়। বিশেষ করে, ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন বিরোধীদল যেভাবে ঘন ঘন ওয়াকআউট ও হরতাল ডেকে সংসদকে কার্যকর হতে দেয়নি, সেই দায়িত্বহীন আচরণের সমালোচনা করা হয়।’
ডেইলি ওয়াদার সম্পাদক বলেন, ‘সভায় উপস্থিত প্রত্যেক সম্পাদক একমত হন যে, জাতীয় সংসদ বা পার্লামেন্টকেই হতে হবে দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদকে এমনভাবে কার্যকর ও শক্তিশালী করতে হবে, যেন তা প্রকৃত অর্থেই বাংলাদেশের সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়ার সঠিক প্রতিনিধিত্ব করতে পারে।’