নিয়ন্ত্রণ নয়, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৬:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

 

তিনি বলেছেন, সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক ভূমিকা নিশ্চিত করতে হবে।

 

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

দায়িত্ব নেওয়ার পর সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন আন্দালিভ রহমান পার্থ। পরে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

 

মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব। একই সঙ্গে দেশের সংস্কৃতি, মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও গর্বের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার দায়িত্বও এ মন্ত্রণালয়ের।

 

‘গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ’

গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে আন্দালিভ রহমান পার্থ বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। গত ১৭ বছরে নানা সীমাবদ্ধতার মধ্যেও সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের ব্যর্থতা, অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের সংকটের অনেক তথ্য জনগণের সামনে এসেছে। জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীলতার ওপরও গুরুত্ব দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। বরং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে একটি নতুন ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। অতীতের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

পার্থ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবস্থাগুলো মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে। সেই তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।
 

অপতথ্য মোকাবিলায় কার্যকর ভূমিকার আহ্বান

সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, তথ্য মন্ত্রণালয়ের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সরকারের বার্তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও সৃজনশীলভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা এখন দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিএফডিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও ডিজিটাল ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com