কর্মস্থলে ফেরার আগের দিনই না ফেরার দেশে নড়িয়ার পুলিশ পরিদর্শক

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:০৩:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:০৩:৪০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

 

দুই দিনের ছুটি শেষে রোববার কর্মস্থলে ফেরার কথা ছিল শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আবির হোসেনের। তবে তার আগেই আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

 

শনিবার দুপুর ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ছাপড়া মসজিদ এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত মো. আবির হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। তিনি শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।


পরিবার ও নড়িয়া সার্কেল অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুই দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে যান আবির হোসেন। বাড়িতে তখন বিদ্যুতের কাজ চলছিল। শনিবার দুপুরে কাজের অগ্রগতি দেখতে তিনি বাড়ির ছাদে যান।

 

এ সময় সেখানে কর্মরত এক মিস্ত্রি বিদ্যুতায়িত হলে তা দেখে আবির হোসেন আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহতের বোন জানান, তার ভাই একাই বাড়িতে ছিলেন। বিদ্যুতের কাজ তদারকি করতে ছাদে গেলে একজন মিস্ত্রি বিদ্যুতায়িত হন। তা দেখে তার ভাই সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন এবং হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

 

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, পরিদর্শক আবির হোসেন দুই দিনের ছুটি নিয়ে ফরিদপুরের বাড়িতে গিয়েছিলেন এবং রোববার তার কর্মস্থলে ফেরার কথা ছিল। তিনি আরো জানান, আবির হোসেন আগে থেকেই হৃদরোগের (স্ট্রোক) রোগী ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে নড়িয়া সার্কেল অফিস গভীরভাবে শোকাহত এবং পুলিশ প্রশাসন সর্বদা নিহতের পরিবারের পাশে থাকবে।

পুলিশ পরিদর্শক আবির হোসেনের অকালমৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com